জাতীয়
খালেদা জিয়ার জন্য আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আজ শুক্রবার (২ জানুয়ারি) দেশের সব মসজিদে বিশেষ দোয়া আয়োজনের আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে তিন দিন দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগ ও জেলা কার্যালয়েও তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে আজ বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব পর্যায়ের দায়িত্বশীলদের এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।