জাতীয়
১৪ বছর পর ফের চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট
দীর্ঘ ১৪ বছরের বিরতির পর আবারও ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকা-করাচি-ঢাকা রুটের সপ্তাহে দুইদিন পরীক্ষামূলক ফ্লাইট, যা ৩০ মার্চ পর্যন্ত চলবে। পরীক্ষামূলক ফ্লাইটের পারফরম্যান্স মূল্যায়ন করে পরবর্তী স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এই রুট পুনরায় চালুর বিষয়ে গত কয়েক মাস ধরে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। সবকিছু চূড়ান্ত হওয়ার পর ২০১২ সালের পর প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট শুরু হবে।”
এর আগে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে পাকিস্তানের নির্ধারিত করিডোর ব্যবহার করার অনুমতিও দেওয়া হয়েছে।
বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রীরা সাধারণত দুবাই বা দোহা হয়ে ট্রানজিট ফ্লাইট ব্যবহার করতে বাধ্য। সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রীরা সময় ও খরচ উভয়ই উল্লেখযোগ্যভাবে বাঁচাতে পারবেন, যা ব্যবসা ও ব্যক্তিগত ভ্রমণ উভয়ের জন্য সুবিধাজনক হবে।