জাতীয়

এস আলম গ্রুপের চেয়ারম্যানের ৪৩১ শতাংশের বেশি জমি ও স্থাপনা জব্দের আদেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১১:০৯ এএম

এস আলম গ্রুপের চেয়ারম্যানের ৪৩১ শতাংশের বেশি জমি ও স্থাপনা জব্দের আদেশ
ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার স্বার্থসংশ্লিষ্টদের নামে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় থাকা মোট ৪৩১ দশমিক ৬৯ শতাংশ জমি ও এসব জমির ওপর নির্মিত স্থাপনা জব্দের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ।

তিনি জানান, দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক তাহাসিন মুনাবীল হক আদালতে এসব জমি ও স্থাপনা অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সত্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ গ্রহণ করে তা আত্মসাৎ করেছেন। ওই অর্থের মাধ্যমে তারা দেশে ও বিদেশে নিজেদের এবং পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ গড়ে তুলেছেন।

দুদকের আবেদনে আরও বলা হয়, অনুসন্ধান চলাকালে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা এসব স্বার্থসংশ্লিষ্ট সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান শেষ হওয়ার আগেই যদি এসব সম্পদ হস্তান্তর হয়ে যায়, তাহলে পরবর্তীতে রাষ্ট্রীয় অর্থ উদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।

এই প্রেক্ষাপটে দুদক মনে করে, সাইফুল আলম, তার পরিবারের সদস্য, তাদের স্বার্থসংশ্লিষ্ট সত্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা স্থাবর সম্পদগুলো জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। আদালত আবেদনের যুক্তি বিবেচনায় নিয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অবস্থিত ৪৩১ দশমিক ৬৯ শতাংশ জমি ও তার ওপর থাকা স্থাপনা জব্দের আদেশ দেন।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সম্পদ জব্দের মাধ্যমে অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে এবং ভবিষ্যতে আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধারে আইনি প্রক্রিয়া সহজ হবে।