জাতীয়

আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:০৭ পিএম

আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল ঘোষিত প্রার্থিতা পুনর্বহালের জন্য চলমান আপিল শুনানির চতুর্থ দিনে ৫৩ প্রার্থীর প্রার্থিতা মঞ্জুর করেছেন নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত এই শুনানিতে ইসি মোট ৭০ জন প্রার্থীর আপিল গ্রহণ করেন। এর মধ্যে ৫৩ জনের আপিল মঞ্জুর হওয়ায় তারা এবার নির্বাচনে অংশ নিতে পারবেন।

ইসির সূত্রে জানা যায়, আজকের শুনানিতে ১৫ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। পাশাপাশি আপিলের বিরুদ্ধে করা আরও দুটি আপিলও নামঞ্জুর হয়েছে। ফলে আজ মোট ১৭টি আপিল নামঞ্জুর হয়েছে।

গত ১০ জানুয়ারি শুরু হওয়া আপিল শুনানির চার দিনে এখন পর্যন্ত মোট ২৮০ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করা হয়েছে। প্রতিদিন ৭০টি করে আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবারের শুনানি শেষে ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের বিষয় সমাধান করা হয়েছে। আগামীকাল ২৮১ থেকে ৩৫০ নম্বর আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৪ জানুয়ারি রিটার্নিং অফিসাররা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র যাচাই করেন। এর মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ ঘোষণা করা হয়, আর ৭২৩টি বাতিল করা হয়। বাতিল ঘোষিতদের মধ্যে ৬৪৫ জন আপিল করেন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আপিল শুনানি ১৮ জানুয়ারি শেষ হবে।

নির্বাচন নির্ধারিত হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। ভোটগ্রহণ সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে।