জাতীয়

সংবিধানের দুর্বলতা দূর করতেই জুলাই সনদ ও গণভোট: আলী রীয়াজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:৫২ এএম

সংবিধানের দুর্বলতা দূর করতেই জুলাই সনদ ও গণভোট: আলী রীয়াজ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, স্বাধীনতার পর থেকে বারবার একটি ব্যক্তির ইচ্ছা ও সিদ্ধান্তের কাছে রাষ্ট্রব্যবস্থা জিম্মি হয়ে পড়েছিল। সংবিধানের এই মারাত্মক দুর্বলতা দূর করতেই জুলাই সনদ প্রণয়ন এবং গণভোটের আয়োজন করা হয়েছে।

শনিবার সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আলী রীয়াজ বলেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে জুলাই সনদ প্রণয়ন করেছে। এই সনদে সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ ও সুস্পষ্ট সংস্কারের কথা বলা হয়েছে। এসব সংস্কার বাস্তবায়িত হলে রাষ্ট্রক্ষমতার ওপর একক ব্যক্তির কর্তৃত্বের অবসান ঘটবে এবং একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠবে।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত লাভের সুযোগ নেই। ভবিষ্যতে যে সরকার রাষ্ট্রক্ষমতা গ্রহণ করবে, তারাই এই সনদ বাস্তবায়ন করবে। এ কারণেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ নয় মাস আলোচনা করে, সবার মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ তৈরি করা হয়েছে।

জুলাই সনদকে রাজনৈতিক দল ও জনগণের মধ্যকার একটি সামাজিক চুক্তি হিসেবে উল্লেখ করে আলী রীয়াজ বলেন, “আমি বিশ্বাস করি, গণভোটে জনগণ যদি ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেয়, তাহলে কোনো রাজনৈতিক দল এই নৈতিক অঙ্গীকার থেকে সরে আসবে না।”

সংবিধানে ‘বিসমিল্লাহ’ ও রাষ্ট্রধর্ম ইসলাম প্রসঙ্গে ছড়ানো অপপ্রচারের বিষয়ে তিনি বলেন, গণভোটে জনগণের সম্মতি পেলে সংবিধান থেকে বিসমিল্লাহ, মহান আল্লাহর ওপর আস্থা কিংবা রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়া হবে—এ ধরনের প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি স্পষ্ট করে বলেন, জুলাই সনদে রাষ্ট্রব্যবস্থার যেসব ৮৪টি বিষয়ে পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে, তার কোনো স্থানেই এসব বিষয় বাতিলের কথা উল্লেখ নেই।

তিনি বলেন, বিভ্রান্তি নয়, বাস্তব তথ্যের ভিত্তিতে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতেই জুলাই সনদ ও গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে।