জাতীয়

নির্বাচন উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম

নির্বাচন উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন দিনের জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ভোটের দিন ট্রাক, মাইক্রোবাস ও ট্যাক্সিক্যাবসহ কয়েক ধরনের যানবাহন চলাচল ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে একটি নির্দেশনামূলক চিঠি পাঠান।

চিঠিতে উল্লেখ করা হয়, তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ভোটগ্রহণের আগের দিন মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ ভ্যান ও মাইক্রোবাস চলাচল নিষিদ্ধ থাকবে।

তবে এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষকদের যানবাহন। পাশাপাশি জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ওষুধ ও চিকিৎসা সামগ্রী পরিবহনকারী গাড়ি, সংবাদপত্র বহনকারী যান এবং বিমানবন্দরগামী যাত্রীদের জন্য ব্যবহৃত যানবাহন (যথাযথ প্রমাণ সাপেক্ষে) চলাচল করতে পারবে।

এছাড়া দূরপাল্লার যাত্রী পরিবহনকারী যানবাহন এবং প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্টদের জন্য নির্ধারিত একটি করে গাড়ি রিটার্নিং অফিসারের অনুমোদনক্রমে চলাচলের সুযোগ থাকবে। সাংবাদিক ও জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিদের যানবাহন বা মোটরসাইকেলও নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে চলাচল করতে পারবে।

নির্বাচন কমিশনের অনুমোদন অনুযায়ী, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মোটরসাইকেল এবং জরুরি সেবা হিসেবে বিবেচিত টেলিযোগাযোগ খাতের যানবাহনের ওপরও নিষেধাজ্ঞা শিথিল থাকবে। পাশাপাশি জাতীয় মহাসড়ক, বন্দর এলাকা এবং আন্তঃজেলা বা মহানগরে প্রবেশ ও বহির্গমনের গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও বিশেষ বিবেচনায় এই নিষেধাজ্ঞা আংশিক শিথিল করা হবে।