জাতীয়
বৃহস্পতিবার থেকে ঢাকা-করাচি নন-স্টপ ফ্লাইট চালু
প্রায় দেড় দশক পর আবারও পাকিস্তানে নামতে যাচ্ছে বিমানের যাত্রীবাহী উড়োজাহাজ। ঢাকা–করাচি–ঢাকা নন-স্টপ ফ্লাইট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথ যোগাযোগ পুনরায় শুরু হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) থেকে এ রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। ট্রানজিট ছাড়াই যাতায়াতের সুযোগ থাকায় ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে কমবে এবং যাত্রীপ্রতি ন্যূনতম ৩০ হাজার টাকা পর্যন্ত খরচ সাশ্রয় হবে। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন এই রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে করাচি পর্যন্ত প্রায় ১ হাজার ৪৭১ মাইল দূরত্ব অতিক্রমে ব্যবহার করা হবে ১৬২ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭ উড়োজাহাজ। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার নিয়মিত ফ্লাইট চলবে। প্রথম দিনের ফ্লাইটের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে এবং দ্বিতীয় ফ্লাইটের ৮০ শতাংশের বেশি আসন আগেই বুক হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীরা মাত্র তিন ঘণ্টার মধ্যেই গন্তব্যে পৌঁছাতে পারবেন। ট্রানজিটের ঝামেলা ছাড়াই স্বাচ্ছন্দ্য ও সময় সাশ্রয়ী ভ্রমণের সুযোগ পাবেন তারা।
এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, এই রুট চালুর ফলে শুধু যাত্রী পরিবহন নয়, কার্গো পরিবহনেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে। দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম জানান, সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের সামাজিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে এবং ব্যবসা-বাণিজ্যে গতি আসবে।
উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ২০১২ সালে ঢাকা–করাচি রুটে ফ্লাইট বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে যাত্রীদের দুবাই, দোহা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করে পাকিস্তানে যেতে হতো, যা ছিল সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। নতুন ব্যবস্থায় রাউন্ড ট্রিপে ৩০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হয়ে সর্বনিম্ন প্রায় ৫১ হাজার টাকায় যাতায়াত সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সরাসরি এই ফ্লাইট চালুর মাধ্যমে দীর্ঘদিনের যোগাযোগ ব্যবধান ঘুচে নতুন সম্ভাবনার পথে এগোচ্ছে ঢাকা ও করাচির আকাশপথ।