জাতীয়

কিশোরগঞ্জে মোনাজাতের মাধ্যমে শুকরিয়া আদায় ভোটারদের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৩ পিএম

কিশোরগঞ্জে মোনাজাতের মাধ্যমে শুকরিয়া আদায় ভোটারদের
ছবিঃ সংগৃহিত

ভোটগ্রহণ শুরুর আগে লাইনে দাঁড়িয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মোনাজাতের মাধ্যমে ভোট প্রদান শুরু করলেন বিভিন্ন দল-মতের ভোটাররা। এ যেন এক অভাবনীয় দৃশ্য। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোট শুরুর আগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সৈয়দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এমন দৃশ্যের দেখা মিলেছে।

স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আফসার উদ্দিনকে দিয়ে মোনাজাতের মাধ্যমে শুকরিয়া আদায় করে দিনের ভোট প্রদান কার্যক্রম শুরু করেন ভোটাররা।

এ সময় মাওলানা আফসার উদ্দিন বলেন, দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় উপস্থিত নানা মতের ভোটারদের নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ভোট দিতে যান তারা।

এ সময় তিনি আরও বলেন, যে দলই ক্ষমতায় আসুক, দেশ ও জাতি যেন শান্তি-শৃঙ্খলার পথে পরিচালিত হয়, সেই দোয়া করা হয়েছে।

সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৯১৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। ৫ স্তরের কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে কিশোরগঞ্জের ৬টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে। 

এখানকার সুষ্ঠু ভোট নিশ্চিত করতে মাঠে রয়েছে ২০ প্লাটুন বিজিবি, ১ হাজার ৫৭৩ জন সেনাসদস্য, ২ হাজার ৫০০ পুলিশ সদস্য, ১২ হাজার আনসার সদস্য এবং র্যাব সদস্যরা।

এদিকে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৩টি উপজেলা নিয়ে গঠিত ৬টি আসনে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ৪০ জন বিভিন্ন রাজনৈতিক দলের এবং ৮ জন স্বতন্ত্র প্রার্থী। জেলায় মোট ভোটার ২৭ লাখ ২৭ হাজার। এরমধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৯৪ হাজারের বেশি, নারী ভোটার ১৩ লাখ ৩২ হাজার এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৮ জন।