জাতীয়
২৯ বিলিয়ন ডলার রিজার্ভ ও ৬ মাসের খাদ্য মজুদ রেখে বিদায় নিচ্ছে অন্তর্বর্তী সরকার
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগে দেশের জন্য ছয় মাসের খাদ্য মজুদ এবং ২৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেখে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি, বেইলি রোডে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব জানান, ২০২৪ সালের ৫ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ১৫ বিলিয়ন মার্কিন ডলার। সে সময় ব্যাংকিং ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছিল এবং অর্থনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক।
তিনি বলেন, “বর্তমানে দেশের রিজার্ভ বেড়ে ২৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এই রিজার্ভ দিয়ে দেশের অন্তত ছয় মাসের খাদ্য সরবরাহ নির্বিঘ্নে নিশ্চিত করা সম্ভব। অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার সময় দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে একটি স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছে।”
সংবাদ সম্মেলনে শফিকুল আলম আরও জানান, গত ১৮ মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি। একই সঙ্গে ফ্যাসিবাদী শক্তির কার্যক্রম মোকাবিলা করা হয়েছে এবং এই সময়ের মধ্যে রাষ্ট্র পরিচালনায় প্রয়োজনীয় বিভিন্ন সংস্কার কার্যক্রম ও আইনগত কাঠামো প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য ছিল অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং ভবিষ্যৎ সরকারের জন্য একটি কার্যকর ও টেকসই কাঠামো রেখে যাওয়া-যার প্রতিফলন এখন স্পষ্টভাবে দৃশ্যমান।