জাতীয়

১০ উপদেষ্টার দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম

১০ উপদেষ্টার দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার ১০ উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন আকারে এ গেজেট জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, Rules of Business, 1996-এর rule 3B(ii) অনুযায়ী প্রধানমন্ত্রী এ দায়িত্ব বণ্টন করেছেন।

গেজেট অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদ-কে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া মো. ইসমাইল জবিউল্লাহ-কে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীর-কে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।

প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে হুমায়ুন কবির-কে পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম পেয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। ডা. জাহেদ উর রহমান-কে পলিসি ও স্ট্র্যাটেজি সংক্রান্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া মাহদী আমিন-কে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। রেহান আসিফ আসাদ-কে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।