জাতীয়
ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে একটি রোডম্যাপ তৈরি করতে হবে: আইনমন্ত্রী
প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে বাংলাদেশ একদিন আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ হিসেবে গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর বনানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে ভুল হতে পারে। তবে সেই ভুল সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে। এমন একটি বাংলাদেশের পথে হাঁটতে হবে, যেখানে স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত থাকবে।
তিনি বলেন, ফ্যাসিবাদ যেন আবার পুনর্বাসিত হতে না পারে এবং আমরাও যেন ফ্যাসিস্ট হয়ে না উঠি, সে জন্য একটি রোডম্যাপ তৈরি করতে হবে।
মো. আসাদুজ্জামান আরও বলেন, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করা উচিত নয়। যারা ফ্যাসিস্টদের খুন-খারাপি দেখতে পান না, তাদের চোখ খোলার আহ্বান জানান তিনি। আল্লাহ প্রদত্ত চোখ দিয়ে না দেখতে পারলে অন্তরের চোখ খোলারও আহ্বান জানান আইনমন্ত্রী।
ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.)-এর কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠানটি নীরবে একটি শ্রেণির মানুষকে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি তাদের আত্মমর্যাদার সঙ্গে দাঁড়ানোর সুযোগ তৈরি করছে। তাদের প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগের গুরুত্ব অনেক।
আইনমন্ত্রী সংশ্লিষ্টদের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আরও কী ধরনের উদ্যোগ নেওয়া যায়, তা দেখতে হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয় সরাসরি এই কার্যক্রমের অংশীদার হতে না পারলেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। এ বিষয়ে তিনি নিজে সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান।
তিনি আরও বলেন, অন্ধকে আলো দেওয়ার মতো ভালো কাজ আর কিছু হতে পারে না। ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) দীর্ঘদিন ধরে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিভা বিকাশে কাজ করছে। তিন বছর আগে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরও এ কার্যক্রমের আওতায় আনা হয়েছে। তারাও মানুষ এবং তাদেরও অধিকার রয়েছে।
আয়োজকেরা জানান, সারা দেশ থেকে বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন। পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাতে রাসুল (সা.) এবং রচনা প্রতিযোগিতায় অংশ নেন তারা। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নবী হযরত মোহাম্মদ (সা.)-এর শিক্ষা’।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।