সারাদেশ
ঈদে মিলাদুন্নবীর ছুটির পর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একদিন বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রমের পাশাপাশি কাস্টমস ও বন্দরের অন্যান্য কার্যক্রমও স্বাভাবিক নিয়মে চালু হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন। তিনি জানান, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার বাংলাদেশে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ছুটি শেষে বৃহস্পতিবার সকাল থেকে সব ধরনের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, প্রতিদিন ভারত থেকে প্রায় ৪০০ থেকে সাড়ে ৪০০ পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। এসব পণ্যের বড় একটি অংশ বাংলাদেশের রপ্তানিমুখী পোশাকশিল্পের কাঁচামাল।
বন্দর দিয়ে নিয়মিত বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে সরকার প্রতিদিন প্রায় ১০ কোটি টাকা রাজস্ব আয় করে থাকে।