সারাদেশ
স্কুলে শাসন করায় ক্ষুব্ধ ছাত্রের হামলা, গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে জখম
বগুড়ায় স্কুলে শাসন করায় ক্ষুব্ধ হয়ে ছুটির পর রাস্তায় শরীরচর্চা শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। এ ঘটনায় ওই শিক্ষকের থুতনিতে আটটি সেলাই দিতে হয়েছে। ঘটনার পর অভিযুক্ত শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষকের নাম রায়হান ইসলাম। তিনি বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শরীরচর্চা শিক্ষক। অভিযুক্ত শিক্ষার্থী রিয়াদ ইসলাম কিরন একই শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির ছাত্র।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষ ঘটনার বিবরণে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্যালয়ের ছুটি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শিক্ষক রায়হান ইসলাম। পথে বগুড়া এপিবিএনের সামনে গাছের ডাল হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল শিক্ষার্থী কিরন। শিক্ষক সেখানে পৌঁছালে তাকে থামতে বলে সে। শিক্ষক মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে কিছু বুঝে ওঠার আগেই গাছের ডাল দিয়ে তার মুখ ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করে কিরন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।
বিদ্যালয়ের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষার্থীর হামলায় শিক্ষক রায়হান ইসলামের থুতনিতে গুরুতর আঘাত লাগে। চিকিৎসার জন্য তার থুতনিতে আটটি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া ঘাড়েও আঘাত পেয়েছেন তিনি। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বর্তমানে বাড়িতে অবস্থান করছেন ওই শিক্ষক।
অধ্যক্ষ আরও জানান, অভিযুক্ত রিয়াদ ইসলাম কিরন বগুড়া সদর উপজেলার রজাকপুর গ্রামের বিপুল মিয়ার ছেলে। বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা এবং ঘটনার গুরুত্ব বিবেচনায় মঙ্গলবার সকালে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
বিদ্যালয়ে শাসন করাকে কেন্দ্র করে একজন শিক্ষকের ওপর এমন হামলার ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা ও শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।