সারাদেশ

টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পিএম

টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে এক গৃহবধূকে ধর্ষণ এবং আপত্তিকর ছবি ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে খাইরুল ইসলাম (৩৩) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এসআরবি-১৪-এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার নাদিয়া ফারজানার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার খাইরুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের ইনাম আলীর ছেলে।

এসআরবি-১৪ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর মেয়ে একটি মাদ্রাসায় পড়াশোনা করে। সেই সুবাদে ওই শিক্ষার্থীকে বাসায় গিয়ে পড়াতেন অভিযুক্ত শিক্ষক খাইরুল ইসলাম। ছাত্রীর পড়াশোনার খোঁজখবর নেওয়ার কথা বলে তিনি প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন।

অভিযোগে বলা হয়, গত ৮ আগস্ট বিকেলে খাইরুল ইসলাম ওই গৃহবধূর বাড়িতে যান। এ সময় তার মেয়ে বাইরে খেলতে গেলে বাড়িতে গৃহবধূকে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় কৌশলে তিনি ভুক্তভোগীর কিছু আপত্তিকর ছবিও ধারণ করেন।

পরবর্তী সময়ে ধারণ করা ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে আবারও ধর্ষণ করার অভিযোগ রয়েছে খাইরুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গত ২ অক্টোবর টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।

মামলার পর এসআরবি-১৪-এর সিপিসি-৩-এর একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় কালিহাতী উপজেলার এলেঙ্গা কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার খাইরুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।