জাতীয়
দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা পাহারায় থাকবেন বিএনপি নেতাকর্মীরা: খায়রুল কবির খোকন
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে ২৪ ঘণ্টা পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে বিএনপি, ছাত্রদল, যুবদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা এ দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব ও দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকন।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
খায়রুল কবির খোকন বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে বিএনপি প্রয়োজনীয় সহযোগিতা করবে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় দলের নেতারা এ বিষয়ে উদ্যোগ নিয়েছেন। প্রতিটি ওয়ার্ডের পূজামণ্ডপে পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বিএনপি নেতারা পূজা উদযাপন কমিটি ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
বিএনপির এই নেতা বলেন, দুর্গাপূজা বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের ধর্মীয় স্বাধীনতা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে বিএনপি।
অতীতেও পূজামণ্ডপের নিরাপত্তায় বিএনপির নেতাকর্মীরা দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে খায়রুল কবির খোকন বলেন, এবারও যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বিক সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
বৈঠকে বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির সদস্যসচিব ও দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জয়ন্ত কুমার কুণ্ডু, অপর্ণা রায় দাস, অমলেন্দু দাস অপু, জন গোমেজ, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, রমেশ দত্ত, পার্থ দে মণ্ডল, জয়দেব রায়, মিল্টন বৈদ্য ও গণেশ চন্দ্র রায় সাহস উপস্থিত ছিলেন।