সারাবিশ্ব
দাওয়াতে যাওয়ার পথে দুর্ঘটনা, গঙ্গায় ডুবে শিশুসহ নিহত ১৩
ভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজ্যের বৈশালী জেলার রাঘোপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ১৫ থেকে ২০ জন যাত্রী নিয়ে একটি ভোজের অনুষ্ঠানে যাচ্ছিল নৌকাটি। পথে গঙ্গা নদীতে নৌকাটি ডুবে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন। উদ্ধারকাজে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। নিখোঁজদের সন্ধানে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও কাজ করছেন। এ পর্যন্ত বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।
নিহতদের মধ্যে এখন পর্যন্ত নয় শিশুর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা সবাই রামপুর শ্যামচাঁদ গ্রামের বাসিন্দা। শনাক্ত হওয়া শিশুদের নাম পিঙ্কি কুমারী, অঙ্কিতা কুমারী, সুনীতা কুমারী, আরিয়ান কুমার, আলিশা কুমারী, শিকি কুমারী, ভোনু কুমারী, মীরা কুমারী ও নমন কুমার।
এদিকে, দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য পরিবারপ্রতি চার লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে দুই লাখ রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।