রাজনীতি

‘হাসিনা এখন প্রতিবেশী দেশের তুরুপের তাস’: গয়েশ্বর চন্দ্র রায়


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫০ এএম

‘হাসিনা এখন প্রতিবেশী দেশের তুরুপের তাস’: গয়েশ্বর চন্দ্র রায়
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন প্রতিবেশী দেশের তুরুপের তাস হিসেবে ব্যবহৃত হচ্ছেন। তিনি দাবি করেন, শেখ হাসিনা নিজে দেশে ফেরার বিষয়ে আস্ফালন করছেন না; বরং প্রতিবেশী দেশের লোকজন তাঁকে দিয়ে এমন বক্তব্য দেওয়াচ্ছেন। দেশে ফিরতে চাইলেও তাঁকে ভারতের অনুমতি নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর স্বর্গপুরী দেব মন্দিরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।

বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রতিবেশী দেশ নিজেদের কৌশলগত স্বার্থে শেখ হাসিনাকে ব্যবহার করছে। শেখ হাসিনা যদি লন্ডন কিংবা অন্য কোনো দেশে অবস্থান করতেন, তাহলে দিল্লির পক্ষে তাঁকে কেন্দ্র করে রাজনৈতিক কৌশল বাস্তবায়ন করা সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আওয়াজ তোলা হচ্ছে। বাংলাদেশের মানুষ চান, শেখ হাসিনা দেশে ফিরে আসুন। তবে তাঁর বক্তব্যে দেশে ফেরার বিষয়টি নিয়ে রাজনৈতিক পরিস্থিতির দিকেও ইঙ্গিত পাওয়া যায়।

কেরানীগঞ্জের মহিলা কারাগার প্রসঙ্গেও বক্তব্য দেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার চালু হলেও কেরানীগঞ্জের মহিলা কারাগার এখনো চালু হয়নি। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে বন্দী রেখে কেরানীগঞ্জের মহিলা কারাগার উদ্বোধন করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লাট মিয়া, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদারসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।