খেলা

লেস্টার ছাড়ার পথে হামজা, নতুন গন্তব্য কোথায়?


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৭:৪২ পিএম

লেস্টার ছাড়ার পথে হামজা, নতুন গন্তব্য কোথায়?
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরীকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের ক্লাব ডার্বি কাউন্টি। এর ফলে দীর্ঘদিনের ক্লাব লেস্টার সিটি ছেড়ে হামজার নতুন ঠিকানা হতে পারে ডার্বি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের দলবদলবিষয়ক প্রতিবেদক মাইক ম্যাকগ্রা জানিয়েছেন, হামজাকে নিয়ে আগ্রহ রয়েছে ডার্বির। গত মৌসুমে চ্যাম্পিয়নশিপে অষ্টম হওয়া দলটি এবার স্কোয়াড আরও শক্তিশালী করতে চায়। সেই পরিকল্পনায় হামজাকে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তবে এখনো হামজার দলবদল চূড়ান্ত হয়নি। লেস্টার সিটির কাছে ডার্বি আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে কি না, সেটিও নিশ্চিত নয়। তাকে স্থায়ীভাবে দলে নেওয়া হবে, নাকি ধারে নেওয়ার চেষ্টা চলছে, সে বিষয়েও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

হামজার সঙ্গে লেস্টার সিটির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। ২৮ বছর বয়সী এই মিডফিল্ডারকে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে লেস্টারের।

ডার্বিতে যোগ দিলে হামজা ইংলিশ ফুটবলের তুলনামূলক উঁচু স্তরে খেলার সুযোগ পাবেন। বর্তমানে লেস্টার সিটি খেলছে তৃতীয় স্তরের লিগ ওয়ানে, আর ডার্বি কাউন্টি রয়েছে চ্যাম্পিয়নশিপে।

হামজার বহুমুখী সামর্থ্যই ডার্বির আগ্রহের অন্যতম কারণ। মূলত রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে খেললেও প্রয়োজনে ডান প্রান্তের রক্ষণভাগেও দায়িত্ব পালন করতে পারেন তিনি। বল দখল, প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করা এবং রক্ষণে সহায়তার পাশাপাশি একাধিক পজিশনে খেলার সক্ষমতা হামজাকে বাড়তি সুবিধা দিচ্ছে।

লেস্টার সিটির একাডেমি থেকেই উঠে আসা হামজা ২০১৫ সালে ক্লাবটির মূল দলে অভিষেক করেন। এরপর বার্টন অ্যালবিয়ন, ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলেছেন তিনি। সর্বশেষ ধারের মেয়াদ শেষ করে গত মৌসুমে লেস্টারে ফিরেছিলেন এই বাংলাদেশি ফুটবলার।

বাংলাদেশ জাতীয় দলের হয়েও বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন হামজা। ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা এই ফুটবলার বাংলাদেশকে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই দেশের ফুটবলপ্রেমীদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন।