খেলা
মেসির বিদায়ী ম্যাচে পাঁচটা স্টেডিয়ামও যথেষ্ট না: লিওনেল স্কালোনি
আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে দেশের মাটিতে ফিরেছেন লিওনেল মেসি। আগামী বুধবার বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বুয়েনস আইরেসের ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি হতে পারে জাতীয় দলের জার্সিতে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ।
এর আগে রোববার বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স, নিজের চুক্তির ভবিষ্যৎ এবং মেসির বিদায় নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
মেসির বিদায়ী ম্যাচ ঘিরে সমর্থকদের উন্মাদনা নিয়ে স্কালোনি বলেন, পাঁচটি মনুমেন্টাল স্টেডিয়াম থাকলেও সবগুলো দর্শকে পূর্ণ হয়ে যেত। এ নিয়ে তিনি বিভিন্ন জায়গা থেকে বার্তা পেয়েছেন বলেও জানান। তার মতে, মেসিকে নিয়ে বলার মতো সব কথাই বলা হয়ে গেছে। এখন শুধু এই বিশেষ মুহূর্ত উপভোগ করার পালা।
মেসিকে ছাড়া আর্জেন্টিনার ভবিষ্যৎ প্রসঙ্গে স্কালোনি বলেন, মেসি যখন আর দলের সঙ্গে থাকবেন না, তখন তাকে ঘিরে স্মৃতিকাতরতা অনুভব করবে সবাই।
তিনি আরও বলেন, মেসিসহ সবাই আবেগপ্রবণ হয়ে পড়বেন। মনুমেন্টাল স্টেডিয়ামে মেসির পা রাখার দিনটি সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে। এমন একটি মুহূর্তের অংশ হতে পেরে নিজেকে কৃতজ্ঞ মনে করেন তিনি।
মেসির সঙ্গে দলের আরও দুটি অনুশীলন সেশন বাকি রয়েছে জানিয়ে স্কালোনি বলেন, যতটুকু সময় হাতে আছে, তারা সেটি উপভোগ করতে চান।
বেনিনের বিপক্ষে মাঠে নামলে মেসির আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা দাঁড়াবে ২০৮। আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন এই মহাতারকা।
মেসির দীর্ঘ ফুটবল জীবনের অবদান ও উত্তরাধিকার নিয়েও কথা বলেছেন স্কালোনি। তার মতে, মেসির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সবসময় সেরাটা দেওয়ার অদম্য ইচ্ছা। দলের সবার আগে অনুশীলনে আসা এবং সবার শেষে মাঠ ছাড়ার অভ্যাস ছিল তার।
নিজের যত্ন নেওয়া এবং প্রতিটি ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার ক্ষেত্রে মেসির নিষ্ঠার কথাও তুলে ধরেন আর্জেন্টিনা কোচ। এসব বিষয় সাধারণ দর্শকের চোখে না পড়লেও সতীর্থরা খুব ভালোভাবেই দেখেছেন বলে জানান তিনি।
স্কালোনির মতে, মেসি সতীর্থদের জন্য এমন এক উদাহরণ রেখে যাচ্ছেন, যার কোনো বিকল্প নেই।