খেলা

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, বাংলাদেশে কখন ও যেভাবে দেখবেন


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পিএম

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, বাংলাদেশে কখন ও যেভাবে দেখবেন
ছবি: সংগৃহীত

লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায় হতে যাচ্ছে। দীর্ঘ ২১ বছরের পথচলা শেষে ৩৯ বছর বয়সে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন এই কিংবদন্তি ফুটবলার। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের মধ্য দিয়েই জাতীয় দলকে বিদায় জানাবেন তিনি।

আর্জেন্টিনার স্থানীয় সময় মঙ্গলবার ৬ অক্টোবর রাত ৮টায় বুয়েন্স আয়ার্সের ৮৫ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। সময়ের পার্থক্যের কারণে বাংলাদেশি দর্শকদের জন্য ম্যাচটি শুরু হবে বুধবার ৭ অক্টোবর ভোর ৫টায়।

২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের মেসির অনেক সতীর্থ ইতোমধ্যে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। তবে মেসির বিদায়ী ম্যাচের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে তাদের অনেকেই গ্যালারিতে উপস্থিত থাকবেন।

যেভাবে দেখা যাবে মেসির বিদায়ী ম্যাচ

বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা না থাকলেও বিকল্প মাধ্যমে খেলা দেখা যাবে। ভারতীয় সম্প্রচারমাধ্যম জি ফাইভে সাবস্ক্রিপশন থাকলে ম্যাচটি দেখা যাবে। দক্ষিণ এশিয়া অঞ্চলে এই মাধ্যমেই ম্যাচটির সম্প্রচার নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়া অঞ্চলভেদে বেইন স্পোর্টস ও অ্যামাজন প্রাইম ভিডিওতেও ম্যাচটির সম্প্রচার থাকতে পারে। বাংলাদেশি দর্শকরা স্পোর্জিফাই অ্যাপের মাধ্যমেও ম্যাচটি সরাসরি দেখার সুযোগ পাবেন। পাশাপাশি বিভিন্ন দেশের সম্প্রচারমাধ্যমের মাধ্যমে ম্যাচটি দেখার সুযোগ থাকতে পারে।

মাত্র ১৮ বছর বয়সে আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল মেসির। এরপর দুই দশকের বেশি সময় ধরে দেশটির ফুটবলে একের পর এক ইতিহাস গড়েছেন তিনি। বিশ্বকাপ, কোপা আমেরিকাসহ একাধিক শিরোপা জয়ের পর এবার বেনিনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে সেই দীর্ঘ আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই তারকা।