খেলা
মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা দিলেন সাবেক বার্সা সতীর্থ পেদ্রো
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের দিনেই পেশাদার ফুটবলকে বিদায় বললেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ পেদ্রো রদ্রিগেজ। বুধবার বুয়েনোস আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামেন মেসি। একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবসরের ঘোষণা দেন স্পেনের এই ফরোয়ার্ড।
আবেগঘন এক বার্তায় পেদ্রো জানান, ক্যারিয়ারের নতুন অধ্যায়ে পা রাখার সময় এসেছে। ফুটবলে নিজের স্বপ্ন পূরণ করতে পারায় গর্ব প্রকাশের পাশাপাশি দীর্ঘ ক্যারিয়ারে যারা তাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা পেদ্রো ক্লাবটির ইতিহাসের অন্যতম সফল সময়ের অংশ ছিলেন। পেপ গার্দিওলার অধীনে ঐতিহাসিক ট্রেবল ও সেক্সটাপল জয়ের কীর্তি গড়েন তিনি। বার্সেলোনায় সাত বছরের ক্যারিয়ারে ৩২১ ম্যাচ খেলে ৯৯ গোল করেন এই উইঙ্গার। ক্লাবটির হয়ে জিতেছেন ২০টি শিরোপা।
শুধু বার্সেলোনাই নয়, স্পেনের সোনালি প্রজন্মেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পেদ্রো। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে স্পেনের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। দুই বছর পর ইউরো চ্যাম্পিয়ন দলেও জায়গা পান এই ফরোয়ার্ড। ফলে ক্লাব ও জাতীয় দলের হয়ে প্রায় সব বড় শিরোপাই জয়ের স্বাদ পেয়েছেন পেদ্রো।
বার্সেলোনা ছাড়ার পর চেলসিতে যোগ দিয়ে ইংলিশ ফুটবলেও সাফল্য পান তিনি। এরপর ইতালির রোমা ও লাজিওর হয়ে খেলেন সিরি আতে। লাজিওতেই শেষ হলো তার দীর্ঘ ও বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার।
অবসর ঘোষণার বার্তায় বার্সেলোনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন পেদ্রো। ইতিহাসের অন্যতম সেরা বার্সেলোনা দলের অংশ হতে পারাকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় উল্লেখ করে তিনি জানান, ক্লাবটির প্রতি তার ভালোবাসা ও সমর্থন সবসময় অটুট থাকবে।