খেলা

টেস্টে ইতিহাস গড়লেন লিটন দাস, এক ম্যাচে ৯ ডিসমিসালে বিশ্বরেকর্ড


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পিএম

টেস্টে ইতিহাস গড়লেন লিটন দাস, এক ম্যাচে ৯ ডিসমিসালে বিশ্বরেকর্ড
ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে ব্যাটিং ও উইকেটকিপিং-দুই বিভাগেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে দুই ইনিংসেই অর্ধশতক হাঁকানোর পাশাপাশি উইকেটের পেছনে ৯টি ডিসমিসাল করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে দুই ইনিংসে অন্তত ৫০ রান এবং ৯টি ডিসমিসালের কীর্তি গড়া প্রথম ক্রিকেটার এখন লিটন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ম্যাচের পঞ্চম ও শেষ দিনে আফগানিস্তানের ইকরাম আলিখিলকে আউট করার মধ্য দিয়ে এই রেকর্ড গড়েন বাংলাদেশের এই উইকেটরক্ষক। এবাদত হোসেনের বলে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন ইকরাম। নিজের শরীর থেকে বেশ দূরে চলে যাওয়া বলটি দ্রুত ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করেন লিটন। তার ক্ষিপ্রতা ও দক্ষতায় গুরুত্বপূর্ণ এই উইকেটটি পায় বাংলাদেশ।

এর আগে টেস্ট ক্রিকেটে এক ম্যাচে দুই ইনিংসে অন্তত অর্ধশতক করার পাশাপাশি সর্বোচ্চ ৮টি ডিসমিসালের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটকিপার ডেনিস লিন্ডসের দখলে। ১৯৬৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরে অক্ষত থাকা সেই রেকর্ড ছাড়িয়ে এবার নতুন বিশ্বরেকর্ড নিজের করে নিলেন লিটন।

চলতি টেস্টের প্রথম ইনিংসেও উইকেটের পেছনে দারুণ নৈপুণ্য দেখান লিটন। প্রথম স্লিপের কাছাকাছি চলে যাওয়া একটি কঠিন ক্যাচ ঝাঁপিয়ে পড়ে ধরেন তিনি। সেই বলেও বোলার ছিলেন এবাদত হোসেন। দুই ইনিংসেই ধারাবাহিক কিপিংয়ের মাধ্যমে বাংলাদেশের বোলারদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লিটন।

ম্যাচের চতুর্থ দিন শেষে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৩২ রান। ফলে ম্যাচের শেষ দিনে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল আরও ৩৪৭ রান। অন্যদিকে, জয় নিশ্চিত করতে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট।

পঞ্চম দিনের খেলায় ইকরাম আলিখিলকে ফিরিয়ে আফগানিস্তানের ৬৬ রানের জুটি ভেঙে দেন এবাদত হোসেন ও লিটন দাস। এই উইকেট হারানোর পর আফগানিস্তানের স্কোর দাঁড়ায় ২০২ রানে ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে বল হাতে এবাদত হোসেন তিনটি উইকেট শিকার করেন। হাসান মাহমুদ নেন একটি উইকেট।

ব্যাট হাতে দুই ইনিংসে অর্ধশতক এবং উইকেটের পেছনে ৯টি ডিসমিসাল-দুই দিক থেকেই লিটনের এই পারফরম্যান্স টেস্ট ক্রিকেটে বিরল এক কীর্তি হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের ক্রিকেটে তার এই অর্জন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।