সারাদেশ

ঝিনাইদহে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৮:২১ পিএম

ঝিনাইদহে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাধবপুর গ্রামের মৃত ক্ষুদিরাম নাথের ছেলে অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনা ভৌমিক (৬০)।

স্থানীয় বাসিন্দা মুকুল হোসেন জানান, বুধবার সকালে অমরেন্দ্র নাথ গবাদিপশুর জন্য ঘাস কাটতে মেশিন চালু করেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি দেখে তাকে উদ্ধারের জন্য এগিয়ে যান স্ত্রী মিনা ভৌমিক। তখন তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান জোহা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর মৃত অবস্থায় স্বামী-স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, স্বামী-স্ত্রীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।