জাতীয়

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১২ পিএম

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ
শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর ভাগনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেফতারে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল-এর মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার একটি বিশেষ আদালত এই নির্দেশ দেন।

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)–এর আবেদনের পরিপ্রেক্ষিতে রেড নোটিশ জারির আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের আবেদনে বলা হয়, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই অবৈধ সুবিধা হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে গুলশান-২ এলাকার একটি ফ্ল্যাট দখলে নেন। অভিযোগ অনুযায়ী, রেজিস্ট্রি দলিলের মাধ্যমে তিনি বাড়ি নং-৫এ ও ৫বি (পুরাতন), বর্তমানে ১১এ ও ১১বি (নতুন), রোড নং-৭১, ঢাকা-১২১২ ঠিকানার ফ্ল্যাট নং বি/২০১ নিজের দখলে নেন।

তদন্তে আরও উঠে আসে, ইস্টার্ন হাউজিং লিমিটেডের বিরুদ্ধে গুরুতর অনিয়ম থাকায় ওই সম্পত্তি হস্তান্তরযোগ্য ছিল না-এ তথ্য জানা সত্ত্বেও টিউলিপ রিজওয়ানা সিদ্দিক তার খালা প্রধানমন্ত্রী থাকার প্রভাব ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করেন। পাশাপাশি রাজউকের আইন উপদেষ্টা হওয়ার সুবাদে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবৈধভাবে প্রভাবিত করে ফ্ল্যাট বিক্রির অনুমোদন আদায় করেন বলে আবেদনে উল্লেখ করা হয়।

দুদক জানায়, মামলা দায়েরের আগেই তিনি দেশত্যাগ করেছেন এবং তদন্তে সহায়ক প্রমাণ ও আলামত নষ্ট করার চেষ্টা করছেন। এ অবস্থায় তাকে গ্রেফতার করা অত্যাবশ্যক হলেও বিদেশে অবস্থান করায় সরাসরি গ্রেফতার সম্ভব নয়। তাই তাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা একান্ত প্রয়োজন বলে আদালতে আবেদন জানানো হয়, যা আদালত মঞ্জুর করেছেন।