জাতীয়
সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব: স্পিকার
ক্রিকেটের মতো জাতীয় সংসদেও নিরপেক্ষ আম্পায়ারিং করবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, “অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছি। আশা করি আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়নে আমরা সফল হব। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে তিনি বলেন, সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি। তবে সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতির বাইরে বলেও মন্তব্য করেন তিনি।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, দেশের উন্নয়নের পথে এগিয়ে যেতে সরকারি দল ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে।