জাতীয়
মুক্তিযুদ্ধে প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া: মুক্তিযুদ্ধমন্ত্রী
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, খালেদা জিয়া বারবার দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে আন্দোলন-সংগ্রাম করেছেন এবং তার রাজনৈতিক জীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই নিবেদিত ছিল।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, কর্মী হিসেবে যে আস্থা ও বিশ্বাস দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের ওপর রেখেছেন, সেই আস্থার প্রতিফলন যেন তারা ত্যাগ, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে তুলে ধরতে পারি। প্রধানমন্ত্রী তারেক রহমান যে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের পথচলা শুরু করেছেন, সেই যাত্রায় সহযাত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়গুলো সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করা হবে।
ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত ১৮ বছরে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে, যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে রাজাকার তালিকায় যেসব প্রকৃত মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত হয়েছে, সেগুলোও যাচাই-বাছাই করে সংশোধন করা হবে।
তিনি বলেন, সদ্য দায়িত্ব পেয়েছি, শিগগিরই মন্ত্রণালয়ে বসে কাজ শুরু করবো। সবার সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধাপে ধাপে মন্ত্রণালয়ের কাজ নিষ্ঠার সঙ্গে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।