জাতীয়
ঢাকা মেডিকেলে ভারতীয় নাগরিকসহ ২ কারাবন্দির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভারতীয় নাগরিকসহ ২ কারাবন্দির মৃত্যু হয়েছে। তারা হলেন- ভারতীয় নাগরিক পিন্টু কুমার (৩৪) ও হাসেম খা তালুকদার (৩৪)।
বৃহস্পতিবার (১৯ মার্চ) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুপুরে তাদের ঢামেকে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।
হাসেম নেত্রকোনা সদর উপজেলার রামপুর গ্রামের আব্দুস সালাম গনির ছেলে। ভারতীয় নাগরিক পিন্টু কুমারের বাবার নাম অলক কুমার।
ইনচার্জ ফারুক বলেন, কারা কর্তৃপক্ষের নির্দেশে দুপুর ১টার দিকে অসুস্থ অবস্থায় দুই বন্দিকে কয়েকজন কারারক্ষী নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগে তাদের পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুই কয়েদি কোন মামলায় কতদিন ধরে বন্দি, সেটি এখনও জানতে পারিনি।