জাতীয়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৬:১১ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুরে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি আশা প্রকাশ করেন, এই পবিত্র উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। পবিত্র রমজান মাস আমাদের সংযম, ত্যাগ, খিদমত ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়, যা মানুষের মধ্যে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত করে।

তিনি আরও বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদ আমাদের ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানায়। এই আনন্দঘন দিনে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বার্তার শেষাংশে তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত যেন সবার জীবনে বর্ষিত হয় এবং দেশ ও জাতি শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়। পাশাপাশি তিনি সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন।