জাতীয়

৫ বছরে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন ৫ হাজার ৯৮ জন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পিএম

৫ বছরে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন ৫ হাজার ৯৮ জন
ছবি: সংগৃহীত

বাংলাদেশে রেললাইনে অনিয়ন্ত্রিত চলাচল, অবৈধ পারাপার ও ঝুঁকিপূর্ণ আচরণের কারণে বাড়ছে প্রাণহানির ঘটনা। সংশ্লিষ্টদের মতে, জনসচেতনতার অভাবের পাশাপাশি পুরোনো আইনের দুর্বল প্রয়োগ রেল নিরাপত্তাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন ৫ হাজার ৯৮ জন। এর মধ্যে প্রায় আড়াই হাজার মানুষ প্রাণ হারিয়েছেন রেললাইনের ওপর বসা বা চলাচলের সময়। একই সময়ে কানে ইয়ারফোন ব্যবহার করতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬৬ জন।

ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিং পারাপারও বড় কারণ হিসেবে উঠে এসেছে। গত পাঁচ বছরে ট্রেন আসার আগ মুহূর্তে তাড়াহুড়ো করে রেললাইন পার হতে গিয়ে মারা গেছেন ১ হাজার ৬৮১ জন। এছাড়া ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে পড়ে মারা গেছেন ৬৯ জন, যদিও এটি আইনত দণ্ডনীয় অপরাধ।

বর্তমানে কার্যকর রেলওয়ে আইনটি ১৮৯০ সালের, যেখানে রেল সীমানায় অনুমতি ছাড়া প্রবেশ করলে ২০ থেকে ৫০ টাকা জরিমানার বিধান রয়েছে। তবে নতুন আইনের খসড়ায় জরিমানা বাড়িয়ে ৫০০ থেকে ১ হাজার টাকা করা এবং কিছু ক্ষেত্রে কারাদণ্ডের প্রস্তাব রাখা হয়েছে।

দেশের রেল অবকাঠামোতেও রয়েছে নানা সমস্যা। রেল পুলিশের হিসাব অনুযায়ী, সারাদেশে ১ হাজার ৯৩৪টি রেলক্রসিংয়ের মধ্যে ৭২৫টিই অবৈধ। কোথাও গেটম্যান নেই, আবার কোথাও ক্রসিং ছাড়াই মহাসড়কের সঙ্গে যুক্ত রেললাইন রয়েছে।

রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়া বলেন, জনবলের অভাবে সব জায়গায় নজরদারি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, রেললাইনে সবসময় ১৪৪ ধারা বহাল থাকলেও অনেকেই তা জানেন না বা মানেন না।

বিশেষজ্ঞদের মতে, শুধু আইন প্রণয়ন নয়, কার্যকর বাস্তবায়ন ও জনসচেতনতা বাড়ানো জরুরি। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব আলম তালুকদার বলেন, আইন প্রয়োগে আন্তরিকতার অভাব থাকায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসছে না।

সংশ্লিষ্টরা মনে করছেন, শক্ত আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি না হলে রেলপথে প্রাণহানির এই প্রবণতা কমানো কঠিন হবে।