জাতীয়
আওয়ামী লীগ আমলের সব সার ডিলার বাতিল
আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া সার ডিলারদের বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুব শিগগিরই তাদের পরিবর্তে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, কৃষি খাতে সুষ্ঠু সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সংবাদ সম্মেলনে তিনি দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় একটি বিশেষ কমিটি গঠনের কথাও জানান। ১০ সদস্যের এ কমিটিতে সরকারি দল ও বিরোধী দল থেকে সমানসংখ্যক প্রতিনিধি রাখা হবে। কমিটির নেতৃত্ব দেবেন বিদ্যুৎ ও জ্বালানীমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
এর আগে জাতীয় সংসদে এ বিষয়ে বিরোধীদলীয় নেতার প্রস্তাব উত্থাপন করা হলে তা সমর্থন করে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তীতে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়।
সরকার আশা করছে, এসব পদক্ষেপের মাধ্যমে কৃষি উপকরণ সরবরাহ ও জ্বালানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।