জাতীয়

আজ বিশ্ব মা দিবস, ভালোবাসা ও শ্রদ্ধায় উদযাপিত বিশেষ দিন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ০১:৫৪ পিএম

আজ বিশ্ব মা দিবস, ভালোবাসা ও শ্রদ্ধায় উদযাপিত বিশেষ দিন
ছবি: সংগৃহীত

‘মা’—মাত্র এক অক্ষরের এই শব্দটি পৃথিবীর সবচেয়ে মধুর ও আবেগঘন শব্দগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। এতে লুকিয়ে আছে নিঃস্বার্থ ভালোবাসা, মমতা ও স্নেহের গভীর অনুভূতি।

আজ বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার এই দিনটি পালিত হয়, সেই হিসেবে এবার দিনটি পালিত হচ্ছে ১০ মে।

মা দিবসের আধুনিক ধারণার সূচনা ঘটে যুক্তরাষ্ট্রে। ১৯০৮ সালে আনা জার্ভিস তার মায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথম আনুষ্ঠানিকভাবে এই দিনটি উদযাপন করেন। পরবর্তীতে ১৯১৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে সরকারি মা দিবস হিসেবে ঘোষণা দেন। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালিত হয়ে আসছে।

মা শুধু একজন অভিভাবক নন, বরং সন্তানের প্রথম শিক্ষক, আশ্রয় এবং জীবনের সবচেয়ে নিরাপদ ঠিকানা। জন্ম থেকে বেড়ে ওঠা পর্যন্ত প্রতিটি ধাপে মায়ের ভূমিকা অনস্বীকার্য।

বিশ্বের বিভিন্ন দেশে দিনটি উপলক্ষে নানা আয়োজন করা হয়। বাংলাদেশসহ অনেক দেশে মানুষ মাকে ফুল, উপহার ও কেক দিয়ে শুভেচ্ছা জানায়। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মাকে নিয়ে স্মৃতিচারণ ও ভালোবাসার বার্তা প্রকাশ করেন।

তবে অনেকেই মনে করেন, মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। প্রতিদিনের জীবনেই মায়ের প্রতি যত্ন ও সম্মান প্রদর্শনই হওয়া উচিত প্রকৃত উদযাপন।