জাতীয়
স্কুল ফিডিং প্রকল্পের ঠিকাদারদের তলব, বাতিল হচ্ছে অনিয়মকারীদের কার্যাদেশ
স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রচারের পর ঠিকাদারদের তলব করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আজ সোমবার (১৮ মে) জরুরি বৈঠক ডেকেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এমনকি অনিয়মকারীদের কার্যাদেশ বাতিলও করা হচ্ছে।
স্কুল ফিডিং প্রকল্পে শিশুদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। ১১ উপজেলায় অনুসন্ধানে দেখা যায়, সপ্তাহে কলা ও ডিম-বানরুটি থেকেই লোপাট হচ্ছে ১৭ কোটি টাকা। নিম্নমানের এসব খাবার খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর আগে, এই বিষয়ে গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হকের দৃষ্টি আকর্ষণ করলে একদিন পরেই স্কুল ফিডিং বিষয়ে জরুরি নির্দেশনা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
ছুটির দিন শনিবার দেওয়া সেই নির্দেশনায় বলা হয়, অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো থেকে খাবার গ্রহণের পূর্বে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য, সারাদেশে প্রায় ১৫০ উপজেলায় সরকারি প্রাথমিক স্কুলে প্রকল্পটি চালু হয়েছে ২০২৫ সালের ১৭নভেম্বর থেকে। প্রায় ৫ হাজার কোটি টাকার প্রকল্পে বর্তমানে ৫ প্রকার খাবার দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের। তালিকায় রয়েছে, ডিম, বানরুটি, দুধ, কলা ও বিস্কুট।