জাতীয়

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুতে যে বার্তা দিলো জাতিসংঘ 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৭:৫০ পিএম

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুতে যে বার্তা দিলো জাতিসংঘ 
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত পরিস্থিতি এবং পুশইন ইস্যু দুই দেশের পারস্পরিক সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

বুধবার (১৭ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ ও ভারতের সীমান্তে বর্তমানে শত শত শিশু ও নারী চরম মানবিক ঝুঁকিতে রয়েছেন। সেখানে শিশুরা ক্ষুধায় কাঁদছে এবং নারীরা খোলা আকাশের নিচে অমানবিক পরিস্থিতিতে রাত কাটাচ্ছেন—এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের অবস্থান কী।

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, বিষয়টি দুই দেশের দ্বিপক্ষীয় সংলাপের মাধ্যমে সমাধান করা প্রয়োজন। তবে যেকোনো আলোচনায় সীমান্তে আটকে পড়া মানুষের মৌলিক মানবাধিকার ও মানবিক মর্যাদার প্রতি পূর্ণ সম্মান নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পূর্বে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে প্রশ্ন করা হলে স্টিফেন ডুজারিক বলেন, সাধারণ পরিষদের সভাপতির মূল দায়িত্ব হলো পরিষদের কার্যক্রম পরিচালনা করা। জাতিসংঘ মহাসচিব এবং সাধারণ পরিষদের সভাপতির যোগাযোগ মূলত প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

তিনি আরও জানান, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও মানবিক সহায়তা কার্যক্রম জাতিসংঘের নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে অব্যাহত থাকবে।