জাতীয়
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ দেশের ৬ জেলায় সেনা সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার। আগামী ৩০ জুন পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শক্তি প্রদর্শন এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে।
এ পরিস্থিতিতে ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জানমালের সুরক্ষার লক্ষ্যে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বেসামরিক প্রশাসনকে সহায়তার আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে আগামী ২৩ জুন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ।
পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলটির বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীজুড়ে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নগরীর ২০০টির বেশি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ পুলিশি তৎপরতা ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি রাজধানীর সব প্রবেশপথে কঠোর তল্লাশি ব্যবস্থা চালু থাকবে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে গোয়েন্দা শাখা ও সন্ত্রাসবিরোধী বিশেষ ইউনিট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা সম্ভাব্য নাশকতা ও ষড়যন্ত্র প্রতিরোধে তথ্য সংগ্রহ এবং নজরদারি কার্যক্রম চালাবেন।
যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৫টি দ্রুত সাড়া প্রদানকারী দল প্রস্তুত রাখা হবে। একই সঙ্গে চারটি প্রধান নিয়ন্ত্রণকক্ষে অতিরিক্ত সদস্য সংরক্ষিত রাখা হবে, যাতে প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
ঢাকা মহানগর পুলিশের ১৮ হাজারের বেশি সদস্য নিরাপত্তা কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থা তদারকি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।