জাতীয়

একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় আছে: অতিরিক্ত পুলিশ কমিশনার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:৪০ এএম

একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় আছে: অতিরিক্ত পুলিশ কমিশনার
ছবি: সংগৃহীত

রাজধানীতে একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র মহররম মাসকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম।

মঙ্গলবার (২৩ জুন) সকালে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

তিনি সাংবাদিকদের জানান, ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং একই সময়ে মহররম মাস চলমান থাকায় সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।

তিনি আরও বলেন, রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনীও ঢাকা এবং আশপাশের কয়েকটি জেলায় দায়িত্ব পালন করছে।

এস এন নজরুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করা হচ্ছে, বাকি সময়েও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে। ঢাকাবাসী নিরাপদ থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।