জাতীয়
সোমবার বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী, দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ
প্রথমবারের মতো সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঘিরে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে, পাশাপাশি বেড়েছে মানুষের প্রত্যাশা।
রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি দীর্ঘদিনের অবকাঠামোগত উন্নয়ন দাবিগুলো নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে- এমন আশায় রয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সফরসূচি অনুযায়ী, সকালে প্রধানমন্ত্রী গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর বরিশাল নগরীর বেলস পার্ক সংলগ্ন এলাকায় আরও একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরের পর বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
এছাড়া শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি ও ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন বলেও জানা গেছে।
প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছে দীর্ঘদিনের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকা-বরিশাল ছয় লেন মহাসড়ক নির্মাণ, বরিশালে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ। এসব প্রকল্পে সরকারের সুস্পষ্ট ঘোষণা বা প্রতিশ্রুতি প্রত্যাশা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলে শিল্পায়ন, কর্মসংস্থান, বিনিয়োগ এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে। দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্যও অনেকাংশে কমে যাবে।
সফর সফল করতে ইতোমধ্যে প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন, বরিশালের বিভিন্ন আসনের সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেন। সভায় নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা ও সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর বিভিন্ন এলাকায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল, প্রচার কার্যক্রম ও গণসংযোগ চলছে। দলীয় কার্যালয়গুলোতেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। বিভিন্ন উপজেলায় নিয়মিত স্বাগত মিছিল ও প্রচার কর্মসূচি চলছে।
বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান আক্তার শিরিন বলেন, বরিশালবাসী প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত। এই সফরের মাধ্যমে দক্ষিণাঞ্চলের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারপ্রধান হিসেবে তারেক রহমানের প্রথম বরিশাল সফর রাজনৈতিক ও উন্নয়ন উভয় দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দীর্ঘদিনের মেগা প্রকল্পগুলো নিয়ে যদি সুস্পষ্ট ঘোষণা আসে, তবে তা দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।