জাতীয়
৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ
৪৭তম বিসিএসের সংশোধিত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে প্রাণিসম্পদ (লাইভস্টক) ক্যাডারে নতুন করে ১৪ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে নন-ক্যাডার ফলাফলেও আনা হয়েছে কিছু পরিবর্তন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জুন প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের শর্ত অনুযায়ী একটি প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার পদে আরও ১৪টি রেজিস্ট্রেশন নম্বর সংযোজন করা হয়েছে।
এর ফলে লাইভস্টক ক্যাডারে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে। এর আগে প্রকাশিত ফলাফলে এ ক্যাডারে ৫৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।
পিএসসি সূত্রে জানা গেছে, লাইভস্টক ক্যাডারের অধীনে ভেটেরিনারি সার্জন, সায়েন্টিফিক অফিসার, লেকচারার, স্টোর অফিসারসহ সমমানের পদে প্রথমে ৫৪ জন সুপারিশ পেয়েছিলেন। নতুন করে ১৪ জন যুক্ত হওয়ায় এ সংখ্যা বেড়েছে। নতুন সুপারিশপ্রাপ্তরা আগে নন-ক্যাডারে নির্বাচিত ছিলেন। তারা ক্যাডারে অন্তর্ভুক্ত হওয়ায় নন-ক্যাডার তালিকাতেও কিছু পরিবর্তন এসেছে।
উল্লেখ্য, গত ২৮ জুন ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। তখন মোট এক হাজার ৫২১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। এর মধ্যে ক্যাডার পদে এক হাজার ৩০২ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জন ছিলেন। নতুন করে ১৪ জন যুক্ত হওয়ায় মোট সুপারিশপ্রাপ্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৩৫ জনে।