জাতীয়

হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১১:২৬ এএম

হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনিভাবে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তিনি দেশে আসা মাত্রই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘যাদের সাজা হয়ে গেছে, তাদের দেশে ফিরিয়ে এনে দেশের মাটিতে সাজা কার্যকর করা হবে। বাংলাদেশের মানুষ তা দেখতে চায়। আমরা একাধিকবার বলেছি- প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী বলেছেন, আইনি প্রক্রিয়াটি কী। যেহেতু সাজা হয়ে গেছে, সেহেতু একজন আসামির আইনগতভাবে আত্মসমর্পণের কোনো সুযোগ নাই। তিনি যখনই দেশে আসবেন, গ্রেফতার হবেন। আমাদের লক্ষ্য, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনা।’

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিক স্বদিচ্ছার প্রয়োজন। তিনি দিল্লিতে পলাতক হিসেবে আছেন, সেখানে তার কোনো স্ট্যাটাস নেই। তার কাছে কোনো পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট না থাকায় অবশ্যই তাকে ছবিযুক্ত প্রমাণপত্র নিতে হবে।’