জাতীয়

দেশের অর্থনীতি ধ্বংস করেছে আ.লীগ, নতুন করে দেশ গড়ে তোলা চ্যালেঞ্জের: মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০২:৪৬ পিএম

দেশের অর্থনীতি ধ্বংস করেছে আ.লীগ, নতুন করে দেশ গড়ে তোলা চ্যালেঞ্জের: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পূর্ববর্তী সরকারের শাসনামলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, ফলে নতুন করে দেশ গড়ে তোলা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

রোববার (২৬ জুলাই) রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এ নবীন শিক্ষার্থীদের একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চারদিকে অনিয়ম ও অস্থিতিশীলতার কারণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে। এসব প্রতিষ্ঠানকে আবারও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। তার মতে, বর্তমানে দেশ গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে, যা সবসময় আসে না।

জ্বালানি খাতের সমস্যার দিকেও দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, গ্যাস ও জ্বালানি তেলের ঘাটতির কারণে এনার্জি খাত এখন বড় সংকটে রয়েছে। তবে সংশ্লিষ্ট খাতের গবেষক ও কর্মীরা পরিস্থিতি উত্তরণে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, রাজনীতি যেন রাষ্ট্র ও জনগণের কল্যাণে পরিচালিত হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক ও গঠনমূলক রাজনীতির চর্চার আহ্বান জানান তিনি।