জাতীয়

দেশকে এগিয়ে নিতে দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:৫৯ এএম

দেশকে এগিয়ে নিতে দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশকে আরও এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ডিসকোর্স ন্যাশনালস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের উন্নয়নকে আরও গতিশীল করতে প্রধানমন্ত্রী সবসময় নতুন পরিকল্পনা ও পরিবর্তনের বিষয়ে ভাবেন। জনগণের জীবনমান কীভাবে উন্নত করা যায়, সে লক্ষ্যেই তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কাজের মাধ্যমে তিনি নেতৃত্বের একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে এবং রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব নয়। তবে দেশের তরুণ সমাজ তাদের মেধা, দক্ষতা ও দেশপ্রেমের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করার সক্ষমতা দেখিয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান সংস্কার ও উন্নয়ন উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিএনপির মহাসচিব বলেন, ছাত্র-তরুণদের আত্মত্যাগ দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এই সুযোগ কাজে লাগাতে শক্তিশালী নেতৃত্ব, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। নানা প্রতিবন্ধকতা থাকলেও দেশকে এগিয়ে নেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিভিন্ন সময় নানা বাধার মুখোমুখি হলেও বর্তমান প্রধানমন্ত্রী নির্বাসিত জীবন থেকে ফিরে এসে একটি সুস্পষ্ট উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেছেন। একটি রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তুলতে পরিকল্পনার কোনো বিকল্প নেই এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

তরুণদের ভূয়সী প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, দেশের তরুণরাই ফ্যাসিবাদকে পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের হৃদয়ে বাংলাদেশ রয়েছে বলেই দেশের ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী। সব ধরনের প্রতিবন্ধকতা অতিক্রম করে দেশ এগিয়ে যাবে বলেও তিনি বিশ্বাস ব্যক্ত করেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংকটসহ নানা চ্যালেঞ্জ থাকলেও তরুণদের উদ্ভাবনী চিন্তা, সাহস এবং অদম্য প্রত্যয় বাংলাদেশকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাবে। অতীতের মতো এবারও সব সংকট কাটিয়ে দেশ আরও শক্তিশালী হয়ে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক গোলাম রহমান, অর্থনীতিবিদ জ্যোতি রহমান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া এবং বাংলাদেশ ডায়ালগের চেয়ারম্যান রুবাইয়াত মান্নান।