জাতীয়
কক্সবাজারের মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি সেখানে পৌঁছান।
এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে মহেশখালীর উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
সফরকালে মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।
এরপর হেলিকপ্টারে করে বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য নির্মিত নতুন ঘর হস্তান্তর করার কথা রয়েছে তার।
সফরসূচি অনুযায়ী, দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাবেন। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার।
পরে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।
বিকেল পৌনে ৪টার দিকে হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোয় বিরতি নেবেন তারেক রহমান। এরপর বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন নিয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সফরের শেষ পর্যায়ে সন্ধ্যায় চট্টগ্রামের একটি হোটেলের মিলনায়তনে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।