জাতীয়
মাতারবাড়ীতে কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে তিনি প্রকল্প এলাকায় পৌঁছান।
প্রধানমন্ত্রীকে সেখানে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ এবং জেলা প্রশাসক মো. আ. মান্নান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করছেন।
প্রকল্প এলাকায় পৌঁছে প্রধানমন্ত্রী মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখেন। পরে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে অংশ নেন।
কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ জানান, বৈঠক শেষে প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
এরপর প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাওয়ার কথা রয়েছে। সেখানে বন্যাকবলিত পরিবারগুলোর হাতে পুনর্বাসনের জন্য নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন তিনি।
এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে গুলশানের বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টা ১৫ মিনিটে হেলিকপ্টারে করে মহেশখালীর মাতারবাড়ীর উদ্দেশে রওনা হন তিনি।