জাতীয়

আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:১১ এএম

আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ রোববার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রোববার সকালে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সফরকালে কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউশন মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু জানান, কিশোরগঞ্জ থেকেই জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবারের প্রতিপাদ্য ‘রুপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর সাড়ে ১২টায় কটিয়াদি কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন।

দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও জাতীয় মৎস্য পদক বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এরপর দুপুর আড়াইটায় শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

দুপুর ৩টা ১৫ মিনিটে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু, পালকসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেলে সড়কপথে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।