জাতীয়
জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি।
আজ বুধবার (১৯ আগস্ট) দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।
সাক্ষাৎকালে খলিলুর রহমান কাতারের নেতাদের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। একই সঙ্গে তিনি কাতারের সঙ্গে বাংলাদেশের সংহতি প্রকাশ করেন এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাতারের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান কাতারের প্রধানমন্ত্রী। এ দায়িত্ব সফলভাবে পালনে কাতারের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি।
দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনার সময় শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বাংলাদেশকে ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাতার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।
এ সময় খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।