জাতীয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১১:৫৪ পিএম

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে ঢাকা ও বেইজিংয়ের মধ্যকার সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও জোরদারে নতুন রাষ্ট্রপতির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

সোমবার পাঠানো এক অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, বাংলাদেশ ও চীন দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুপ্রতিম প্রতিবেশী। বৈশ্বিক ও আন্তর্জাতিক পরিস্থিতিতে নানা পরিবর্তন এলেও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় অটুট রয়েছে।

চীনের প্রেসিডেন্ট দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫১ বছর পূর্তির কথা উল্লেখ করে বলেন, দীর্ঘ এই পথচলায় বাংলাদেশ ও চীন পারস্পরিক শ্রদ্ধা ও সমতার নীতি অনুসরণ করেছে। পাশাপাশি উভয় দেশ একে অপরের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে সমর্থন দিয়ে আসছে এবং নিজ নিজ আধুনিকায়নের পথে যৌথভাবে এগিয়ে যাচ্ছে।

অভিনন্দন বার্তায় শি জিনপিং ঐতিহ্যবাহী এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি কৌশলগত যোগাযোগ জোরদার এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার পরিধি বাড়াতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

নতুন যুগে বাংলাদেশ ও চীনের অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলতে বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় বিনিময় ও সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন শি জিনপিং।

তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের অংশীদারত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও গভীর হবে। এর ফলে উভয় দেশের জনগণের জীবনমানের উন্নয়ন ও সার্বিক কল্যাণে বাস্তব সুফল বয়ে আসবে।