জাতীয়

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পিএম

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশ থেকে কোনো প্রতিনিধি দল অংশ নিচ্ছে না। ফলে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে সম্মেলনের আউটরিচ পর্বে আমন্ত্রণ পেলেও প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফরে যাচ্ছেন না।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারের ফাঁকে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পরে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজেও বিষয়টি জানানো হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।

হুমায়ুন কবির জানান, অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন। তবে এবার ব্রিকস সম্মেলনে অংশ নিতে তাঁর দিল্লি যাওয়ার সম্ভাবনা নেই।

আগামী শনিবার ও রোববার নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারপারসন হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তারেক রহমান গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারত তাঁকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানায়। এরপর সম্ভাব্য ওই সফর নিয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা শুরু হয়। তবে এখন পর্যন্ত সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

এর মধ্যে গত ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ ঘটনার পর বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়। এর প্রভাবের মধ্যেই তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চললেও কোনো নির্দিষ্ট তারিখ ঠিক করা সম্ভব হয়নি।

এর আগে কয়েক দিন আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ইঙ্গিত দিয়েছিলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা খুবই কম।

ফলে ব্রিকস সম্মেলনকে ঘিরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে যে আলোচনা চলছিল, আপাতত তার অবসান হলো। বাংলাদেশ থেকে সম্মেলনে কোনো প্রতিনিধি অংশ নেবেন না বলেও নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।