জাতীয়
মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়ে হারালে দল মেনে নেবে না: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়ে তাকে পরাজিত করলে তা দল মেনে নেবে না। একই সঙ্গে মনোনয়ন পাওয়া প্রার্থীকে দলের সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার রাতে সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছে বিএনপির নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, একজনের কাছে কোনো নেতা প্রিয় হতেই পারেন। কিন্তু সেই প্রিয় নেতার জন্য দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়ে তাকে হারানোর চেষ্টা করা হলে দল সেটি গ্রহণ করবে না।
আইনমন্ত্রী আরও বলেন, যাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে, তার দায়িত্ব হলো সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা। মনোনয়ন পেয়েছি, আমিই সব, অন্যরা কেউ নন, এমন মনোভাবও দল মেনে নেবে না।
নেতা কর্মীদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার কথা শোনা হবে। তবে বক্তব্য দেওয়ার সময় শালীনতা বজায় রাখতে হবে। কথা বলার সুযোগ পাওয়া মানে অন্য কাউকে গালিগালাজ করে কথা বলার সুযোগ নয়। দলের কীভাবে সামনে এগিয়ে নেওয়া যায়, বক্তব্য দেওয়ার সময় সেটি মাথায় রাখতে হবে।
এ সময় বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্যসচিব আব্দুল আলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সাতক্ষীরায় পৌঁছালে জেলা প্রশাসক কাউসার আজিজ, পুলিশ সুপার আশরাফুল আলম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা আইনমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
রোববার সকাল ৯টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সব বিচার বিভাগীয় কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে আইনমন্ত্রীর। এরপর সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি, প্রেসক্লাব, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
এ ছাড়া বিকেল ৩টায় বিএনপির নির্বাচিত সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং জেলা ও উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় করবেন আইনমন্ত্রী।