জাতীয়
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়: প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার, ১৩ সেপ্টেম্বর সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর কক্ষে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কোনো পদে প্রার্থী হওয়ার জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। ভোটার হলেই একজন ব্যক্তি নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পাবেন।
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে প্রার্থী হতে পারবেন কি না, সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে বলেও জানান তিনি।
মীর শাহে আলম বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষকদের এমপিওভুক্তির নীতিমালা পর্যালোচনা করবে। এরপর এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় বাংলাদেশ ও সুইজারল্যান্ডের পারস্পরিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী জানান, গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী সুইজারল্যান্ড।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।