জাতীয়
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিন নেতা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম নেন।
মনোনয়ন ফরম নেওয়া তিন নেতা হলেন, জেলা বিএনপির সভাপতি ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।
দলীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়ন ফরম বিতরণ মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত চলে। আগ্রহী প্রার্থীরা বুধবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত সংগৃহীত ফরম জমা দিতে পারবেন। আগামী ১৮ সেপ্টেম্বর দলের সংসদীয় বোর্ড বা স্থায়ী কমিটির সভায় এই আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
মির্জা ফয়সাল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও দলের সংগঠক হিসেবে মির্জা ফয়সাল আমিন তৃণমূলের আস্থাভাজন। দল তাকে চূড়ান্ত মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। আগামী ২৯ অক্টোবর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।