জাতীয়

র‌্যাবের অবসান, নতুন নামে এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পিএম

র‌্যাবের অবসান, নতুন নামে এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু
ছবি: সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের আওতায় নতুন বিশেষায়িত ইউনিট হিসেবে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর গেজেট প্রকাশের পর বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে বাহিনীটির কার্যক্রম শুরু হয়।

এসআরবির আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর দিন সদর দপ্তরে সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাহিনীর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পালাশ। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে থাকা এসআরবির ব্যাটালিয়নগুলোর সদস্যরাও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। এ সময় তিনি নতুন আইনের আওতায় পরিচালিত সব অভিযানিক কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহি ও আইনানুগতা নিশ্চিত করার নির্দেশ দেন।

মহাপরিচালক এসআরবির সদস্যদের ন্যায়-নিষ্ঠা, সততা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সরকারের প্রকাশিত গেজেট অনুযায়ী, নতুন আইনের মাধ্যমে র‌্যাব বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে এসআরবি প্রতিষ্ঠা করা হয়েছে। র‌্যাবের জনবল, ক্ষমতা, সম্পদ, স্থাপনা, তহবিল, নথিপত্র, দায়-দায়িত্ব ও অন্যান্য প্রশাসনিক বিষয় নতুন ইউনিটে হস্তান্তরের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে র‌্যাবের চলমান কিছু বিভাগীয় ও বিচারিক কার্যক্রমও আইন অনুযায়ী বহাল রাখার ব্যবস্থা করা হয়েছে।

এসআরবির নতুন আইনি কাঠামোতে অভিযান পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা, তদারকি ও জবাবদিহির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আইন অনুযায়ী ইউনিটটি বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত বাহিনী হিসেবে কাজ করবে এবং জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করবে।

এদিকে, নতুন পরিচয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এসআরবির লোগো, পতাকা, মনোগ্রাম ও পোশাক পরিবর্তনের প্রক্রিয়াও শুরু হয়েছে। সরকারের অনুমোদন পাওয়ার পর এসব পরিবর্তন আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক। এরই মধ্যে বিভিন্ন সরকারি যোগাযোগ ও প্রচারসামগ্রীতে ‘RAB’-এর পরিবর্তে ‘SRB Bangladesh’ নাম ব্যবহার শুরু হয়েছে।

এর আগে ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ পাস হয়। এরপর ১৫ সেপ্টেম্বর আইনটির গেজেট প্রকাশ করা হলে র‌্যাব বিলুপ্তি এবং এসআরবি গঠনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। পরদিন ১৬ সেপ্টেম্বর নতুন নামে বাহিনীটির কার্যক্রম শুরু করা হয়।

নতুন আইন ও কাঠামোর অধীনে এসআরবি কীভাবে কার্যক্রম পরিচালনা করবে এবং স্বচ্ছতা ও জবাবদিহির নতুন ব্যবস্থাগুলো বাস্তবে কীভাবে প্রয়োগ হবে-এখন সেটিই হবে বাহিনীটির কার্যক্রমের গুরুত্বপূর্ণ দিক। নতুন পরিচয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানুষের আস্থা অর্জনকে নিজেদের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে দেখছে এসআরবি কর্তৃপক্ষ।